সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজির অভিযোগ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, চাঁদাবাজির কারণে নয়, বরং জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে তথ্য পেয়েছেন।
এছাড়া (সালমান মুক্তাদির) ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় তিনি মামলা কেন করেননি, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্র লোক, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতো- এরকম আমি শুনেছি…তাহলে এটা চিহ্নিত কেউ না। তিনি তারপরও বলছেন, বিএনপি চাঁদাবাজ দল, এটা ঢালাও অভিযোগ। আমার দিকেও অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। হামলার ঘটনায় মি. মুক্তাদির মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
সেখানে চাঁদাবাজির তথ্য পাওয়া যায়নি, বরং জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, তবে এ ঘটনায় তিনি ভিক্টিমাইজড হয়েছেন। সেটা আমরা দেখেছি। আমরা এটার একটা প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত, এটা আরো বিস্তারিত তদন্ত করতে হবে এবং এ বিষয়ে মামলা, জিডি-এ আইনগত প্রক্রিয়া চালু আছে।
শনিবার রাতে মিরপুরের ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটে। ঘটনার পর সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে অফিসে ব্যাপক ভাঙচুরের চিত্র দেখা গেছে, তবে হামলায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.