নারী পুলিশ সদস্যদের এইচপিভি টিকায় আইসিডিডিআর, সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

নারী পুলিশ সদস্যদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা ও সচেতনতা কার্যক্রমে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআর,বি) এ সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘নারী পুলিশ সদস্যদের মধ্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পের মাধ্যমে কর্মজীবী প্রাপ্তবয়স্ক নারীদের টিকাদানের ক্ষেত্রে বিদ্যমান একটি ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পে ১৮ থেকে ৪৫ বছর বয়সী সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের মোট ১৮৮ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। কিশোরীদের জন্য চলমান টিকাদান কর্মসূচির বাইরে কর্মজীবী নারীদের এই টিকার আওতায় আনার মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।

আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাতটি ধাপে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মধ্যে থাকবে নৈতিক অনুমোদন, প্রাথমিক জরিপ, সচেতনতা কার্যক্রম, টিকা প্রদান, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ। পাশাপাশি মাসিক স্বাস্থ্যবিধি ও সামগ্রিক সুস্থতা নিয়েও সচেতনতা তৈরি করা হবে।

এ উপলক্ষে আইসিডিডিআর,বিতে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে প্রতীকী চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন ফকির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলী হোসেন ফকির বলেন, নারী পুলিশ সদস্যরা দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের স্বাস্থ্য ও সুরক্ষা অগ্রাধিকার পাওয়ার বিষয়। আইসিডিডিআর,বির সঙ্গে এই উদ্যোগ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি কর্মক্ষেত্রভিত্তিক টিকাদানের একটি দৃষ্টান্ত তৈরি করবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য উদ্যোগে আইসিডিডিআর,বির পাশে থাকতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে আরও বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করার প্রত্যাশা রয়েছে।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান নিয়ে গবেষণার ফলাফল জাতীয় নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বাংলাদেশে আরও বেশি নারী জরায়ুমুখ ক্যানসার থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.