এক্সপার্ট ফিনটেক লিমিটেডের “স্টেকহোল্ডারস ডেআউট ২০২৬” অনুষ্ঠিত: পুঁজিবাজারে প্রযুক্তিগত সাফল্য ও ভবিষ্যৎ রূপরেখা প্রদর্শন

দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসগুলোর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত পুঁজিবাজারের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপার্ট ফিনটেক লিমিটেড (এক্সএফএল) আজ ঢাকার নিকটবর্তী একটি রিসোর্টে দিনব্যাপী “স্টেকহোল্ডারস ডেআউট ২০২৬” আয়োজন করেছে। পুঁজিবাজারে প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্য উদযাপন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের কৌশলগত রূপরেখা নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই মিলনমেলায় অংশ নেন পুঁজিবাজার খাতের শীর্ষ ব্যক্তিত্ব, পর্ষদ সদস্য, প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার ও বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডাররা)।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত এক্সপার্ট ফিনটেক লিমিটেড মূলত পুঁজিবাজারের মধ্যস্থতাকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত একটি আর্থিক প্রযুক্তি উদ্যোগ। দেশের পুঁজিবাজারে পরিচালন দক্ষতা বৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার সম্মতি বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এক্সএফএল পরবর্তী প্রজন্মের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস), পূর্ণাঙ্গ ব্রোকারেজ ব্যাক-অফিস প্ল্যাটফর্ম এবং সমন্বিত আর্থিক সমাধান সেবা প্রদান করে আসছে।

শুরুতে ১০টি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসের হাত ধরে যাত্রা শুরু হয়ে পরবর্তীতে ১২টি ব্রোকারেজ হাউসের সমন্বয়ে সম্প্রসারিত হওয়া প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম প্রধান প্রযুক্তিগত চালিকাশক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে দেশের শীর্ষ ১৭টি ব্রোকারেজ হাউস প্রতিষ্ঠানটির নিজস্ব তৈরি ফ্ল্যাগশিপ ওএমএস এবং ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করছে।

প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা ও উচ্চ লেনদেন সক্ষমতা প্রমাণ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট দৈনিক লেনদেনের ৪৫ থেকে ৪৭ শতাংশ বর্তমানে এক্সএফএল-এর ওএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদিত হচ্ছে, যা সর্বোচ্চ কার্যদিবসে ৫৭ শতাংশ পর্যন্ত পৌঁছায়। এই শক্তিশালী ভিত্তিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন স্টক এক্সচেঞ্জ ম্যাচিং ইঞ্জিন নির্মাণের দূরদর্শী পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুন প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারকে আনুষ্ঠানিক বরণ। সফলভাবে শেয়ার বরাদ্দ সম্পন্ন হওয়ার পর এক্সপার্ট ফিনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুমন দাস প্রতিষ্ঠানটির নতুন শেয়ারহোল্ডার রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি মো. মফিজ উদ্দিনের হাতে একটি স্মারক শেয়ার সার্টিফিকেট হস্তান্তর করেন।

এক্সপার্ট ফিনটেক লিমিটেডের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্য এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে পুঁজিবাজারের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সএফএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুমন দাস, পর্ষদ পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রহমত পাশা, পর্ষদ পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত শেয়ারহোল্ডার মো. ওয়াসিফ জামান ও মো. মফিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীনুর রহমান, কোম্পানি সচিব মো. আবদুর রহমান রনি এফসিএস, উপদেষ্টা মোহাম্মদ আলী এফসিএ এবং প্রধান ক্লায়েন্ট প্রতিনিধি মো. রফিকুল বারী।

অনুষ্ঠানে অন্যান্য বিকল্প ওএমএস প্ল্যাটফর্ম ব্যবহারকারী শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসগুলোর ঊর্ধ্বতন নির্বাহীদেরও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

উপস্থিত অতিথিরা পুঁজিবাজারের আধুনিকায়নে এক্সএফএল-এর প্রযুক্তিগত উৎকর্ষের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের ট্রেডিং অবকাঠামো আধুনিকায়নে সক্ষম উচ্চ প্রবৃদ্ধির ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে এক্সপার্ট ফিনটেকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় দৃঢ় আস্থা প্রকাশ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.