ঢাকা ব্যাংকের ১২০তম শাখা মুন্সিগঞ্জে উদ্বোধন

ঢাকা ব্যাংকের ১২০তম শাখা হিসেবে মুন্সিগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখাটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ কর্পোরেট লায়াবিলিটি অফিসার শেখ আব্দুল বাকির এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান এইচ. এম. মোস্তাফিজুর রহমান, জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান আলতামাস নির্ঝর, পার্শ্ববর্তী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ডেভেলপার্স ওনার্স অ্যাসোসিয়েশন ও মুন্সিগঞ্জ ফাইবার অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মাঈন উদ্দিন মাসুদ, সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান কবির চঞ্চল, এপেক্স ক্লাব অব বাংলাদেশের লাইফ গভর্নর ও ব্যবসায়ী অভিজিৎ দাস ববি এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংক জানিয়েছে, ‘ট্রান্সফর্মিং টুগেদার’ ভিশনকে সামনে রেখে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও আস্থাভিত্তিক সম্পর্ক তৈরি এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্যেও ব্যাংকটি কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংকটির ভাষ্য, মুন্সিগঞ্জ শাখার উদ্বোধন সেবা কার্যক্রমের বিস্তৃতি ও কৌশলগত সম্প্রসারণের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক ব্যবস্থার বিকাশে ভূমিকা রাখার প্রত্যাশা করছে ঢাকা ব্যাংক।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.