রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি

 

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ হিসেবে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান রুট এবং লাইন-৫ সাউদার্ন রুটের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তিন প্রকল্পে সম্মিলিত ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে দুটি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে চলমান। এসব প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন মেয়াদ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট নতুন প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে।

নতুন অনুমোদন পাওয়া ও সংশোধিত প্রকল্প তিনটি হলো—বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-১, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন-৫ নর্দান রুট এবং গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত লাইন-৫ সাউদার্ন রুট।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, একনেকের প্রাথমিক এজেন্ডায় শুধু লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি রাখার পরিকল্পনা ছিল। পরে প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে জাইকার অর্থায়নে চলমান লাইন-১ ও লাইন-৫ নর্দান রুটের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাবও একই সভায় উপস্থাপন করা হয়।

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-১-এর মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন-৫ নর্দান রুটের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের সংশোধিত মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ।

নতুন এ প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

তিন প্রকল্পের মধ্যে মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নর্দান রুটের চলমান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধন করা হয়েছে। আর লাইন-৫ সাউদার্ন রুট নতুন প্রকল্প হিসেবে একনেকের অনুমোদন পেয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.