ইয়েমেনের মারিবে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর তৎপরতায় সহায়তা করার সময় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হুতিদের সামরিক বাহিনী সৃষ্টিকর্তার সহায়তা ও অনুগ্রহে বিমানটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
হুতিদের এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে যুদ্ধবিমানটি সত্যিই ভূপাতিত হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে হুতিরা যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে বলে দাবি করছে।
ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৫ সালে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট সংঘাতে হস্তক্ষেপ করে।
চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব ও হুতিদের পুরোনো বিরোধ নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ মক্কা নগরীর দিকে হুতিদের ড্রোন ছোড়ার অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
সৌদি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ২০১৭ সালের পর এবারই প্রথম মক্কাকে ঘিরে এ ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। তবে পবিত্র স্থানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা।
মক্কায় সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নেয় সৌদি সরকার। একই সময়ে তাইফ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.