ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন এবং নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা সম্পর্কে কর্মকর্তাদের ধারণা আরও শক্তিশালী করতে কর্মশালার আয়োজন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ১২ সেপ্টেম্বর ঢাকার যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক আবদুর রব এবং যুগ্ম পরিচালক মো. নুরুল হুদা আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার মূল কাঠামো, ব্যাংকিং খাতে এর বাস্তব প্রয়োগ এবং এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ঝুঁকি কর্মকর্তা ও আরবিএস ফোকাল পয়েন্ট মো. শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
কর্মশালায় আরও বক্তব্য দেন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. প্রশান্ত সামির, যমুনা ব্যাংক ট্রেনিংয়ের প্রধান মো. আফজাল হোসেন এবং এসএভিপি সাজিয়া আফরীন।
যমুনা ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন শাখা কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। এতে আরবিএস কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান বাড়ানো, নিয়ন্ত্রক সংস্থার চাহিদার সঙ্গে ব্যাংকের প্রস্তুতি সমন্বিত করা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা চর্চা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অংশ নেওয়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.