রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে একই সময়ে পৃথক দাবিতে অবস্থান নিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও বিভিন্ন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকরাও কর্মসূচিতে বক্তব্য দেন।
অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সনদ যাচাইয়ের পর চাকরিচ্যুত করা কর্মীদের অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবিক সংকটে রয়েছেন। বকেয়া বেতন-ভাতাসহ কোনো শর্ত ছাড়াই চাকরিতে পুনর্বহাল করাই তাদের এক দফা দাবি।
এর আগে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজকের কর্মসূচিতেও ব্যাংকটির ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন ফোরামের সদস্যরা।
দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.