সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে মামলার বাদী নওশের রোমান এ অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।
পরিবারের অভিযোগ, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তদন্তে অগ্রগতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওপর দেওয়া হয়। তবে পিবিআইও দীর্ঘ সময় ধরে তদন্ত করেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পিবিআই তদন্ত শুরুর পর প্রায় দুই বছর হতে চললেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
এ জন্য লিখিত অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.