দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, মূলত সার থাকার কথা ডিলারের কাছে; কিন্তু সার পাওয়া যাচ্ছে ডিলার নয় এমন লোকদের কাছে। এই দুষ্ট লোকদের কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য বেশ কয়েকটি টিম করা হয়েছে। খুব দ্রুত এ দুষ্ট লোকের চক্রটি তাদের দুষ্টামিতে ব্যর্থ হবে।
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর করার কথা রয়েছে। এ সফর সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এসেছিলেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, সারা দেশে ২ কোটি কৃষক কৃষি কার্ডের আওতায় আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কৃষক কৃষি কার্ড বুঝে পাবে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন কৃষক, মাঝারি কৃষক ও বড় কৃষক—সকলেই কার্ডের আওতায় আসবে।
তিনি বলেন, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকের অর্থনৈতিক শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা প্রমুখ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.