রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়ুটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। একই সঙ্গে, আরও কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.