দুর্নীতির অভিযোগ: ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

দুর্নীতির অভিযোগে তদন্ত ও দীর্ঘদিন বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে থাকার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। দায়িত্ব নেওয়ার একই বছরে তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষাপটে ডব্লিউএইচও তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায়।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। চীন সফরকালে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।

পদত্যাগপত্রে ডব্লিউএইচও প্রধানের প্রতি নিজের অসন্তোষের কথাও জানান তিনি। তার অভিযোগ, তাকে কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন বেতনবিহীন থাকায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

প্রায় এক বছর বেতনবিহীন অবস্থায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা হারিয়ে গেছে। এ কারণেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডব্লিউএইচওও তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.