ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।
নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদী ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগার শেখের ছেলে সজিব শেখ (২২) ও ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। চয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নগরকান্দায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চয়ন মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত সজিব শেখ ও নয়ন মোল্লাকে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সজিব শেখের মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালক নয়ন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি ঘটনাস্থল থেকে চলে গেছে। গাড়িটি শনাক্ত এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.