সুড়ঙ্গে আটকা মানুষের সন্ধানে বিদেশি সহায়তা চায় নেপাল

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সরকার। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাতে প্রয়োজনীয় বিশেষায়িত সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ঘাটতি থাকায় বিভিন্ন দেশের সহযোগিতা নেওয়া হচ্ছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে প্রতিবেশী দেশগুলোর সহায়তা চাওয়া হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে ১১ সদস্যের একটি বিশেষায়িত টানেল উদ্ধারকারী দল নেপালে মোতায়েন করা হয়েছে। চীন থেকেও একটি টানেল উদ্ধারকারী দল শিগগির দেশটিতে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি জীবিতদের শনাক্ত করতে আধুনিক প্রযুক্তি, দ্রুত ডিএনএ পরীক্ষা এবং মরদেহ সংরক্ষণের ক্ষেত্রেও আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হচ্ছে।

এদিকে নেপালের অর্থমন্ত্রী জানিয়েছেন, ত্রিশুলি এলাকায় তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের আশপাশে এখনো বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাদের কাছে পৌঁছাতে সুড়ঙ্গগুলোর প্রবেশপথ শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.