চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ছয় জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় দেখতে পান। পরে তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।
১৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ছয়জন বর্তমানে ভারতের অভ্যন্তরেই অবস্থান করছেন। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
সীমান্ত এলাকায় পরিস্থিতি বর্তমানে বিজিবির নজরদারিতে রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.