বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনের শাসনসহ অন্তত ২৯টি ক্ষেত্রে সরকার ব্যর্থতা ও অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি। ছয় মাস সরকার পরিচালনার জন্য খুব দীর্ঘ সময় না হলেও এই সময়ের মধ্যেই সরকারের নানা ব্যর্থতা ও অপরিকল্পনার চিত্র স্পষ্ট হয়েছে।
নাহিদ ইসলামের দাবি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পর তিন মাসের মধ্যেই দাম বাড়ানোরও সমালোচনা করেন এনসিপির এই নেতা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, নিষেধাজ্ঞা এড়ানোর উদ্দেশ্যেই সরকার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
এ ছাড়া জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারা এবং বিভিন্ন সংকটের দায় বারবার আগের সরকারের ওপর চাপানোর বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার তাদের অবস্থান ও কার্যক্রমে পরিবর্তন না আনলে ভবিষ্যতে ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.