জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের নৈশ শাখার ব্যাচ–৯৫-এর বন্ধুদের উদ্যোগে গত শনিবার (২২ আগস্ট) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বন্ধুদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি, ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাচ–৯৫-এর বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সোমবার (২৪ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং ডিএসই, ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও বন্ধু রাসেলের সৌজন্যে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ বছর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন—ইকরামুল গনি ঈশান, সুমাইতা আফরিন আরাহমান, মরিয়ম আলিশা খান, আফরা নাওয়ার মানজিব, মেহরাব হোসেন ইহসান, ইফাজ মাহমুদ, তাসমিন মুশতারি তাজরি, আফনান বিন আনিস ও জাইমা জান্নাত।
স্বাগত বক্তব্যে বন্ধু রাসেল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি ভবিষ্যতেও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা এবং বন্ধুদের পারস্পরিক যোগাযোগ ও বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সফল করতে আন্তরিক সহযোগিতার জন্য বন্ধু দিদার, শফিক, মতিউর, হাসান, ড. শাহিন, তানজিনা, সামিনা, সমাপ্তিসহ আর্থিক সহযোগিতা ও উপহারসামগ্রী প্রদানকারী সকল বন্ধু ও প্রতিষ্ঠানকে রাসেল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বন্ধু ও তাদের সন্তানদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটির সমাপ্তি ঘটে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.