রোহিঙ্গারা মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসময় রোহিঙ্গাদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে বাংলাদেশকে পরিবেশগত, অপরাধ ও অর্থনৈতিকসহ নানা ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতি দেশের ওপর বহুমুখী প্রভাব ফেলছে। তাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এবারের কোর্সে সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন।

অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এই কোর্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.