ঋণখেলাপি এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির পক্ষে শতভাগ নগদ মার্জিনের বিপরীতে এলসি খুলতে পারবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।
রোববার (১৬ আগস্ট) দেশের সব ব্যাংকে পাঠানো এক নির্দেশনায় এ অনুমোদনের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনের ভিত্তিতে আমদানি ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় অবস্থিত এসএস পাওয়ার-১ একটি ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এস আলম গ্রুপ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত কেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এরপর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান দেশের ব্যাংক খাত থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিয়েছে। এর পরিমাণ প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। এসব ঋণের বড় অংশ বর্তমানে খেলাপি হয়ে পড়েছে।
সাধারণ ব্যাংকিং বিধান অনুযায়ী, কোনো ঋণখেলাপি প্রতিষ্ঠানকে নতুন করে ঋণসুবিধা দেওয়া বা এলসি খোলার সুযোগ সীমিত। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় এসএস পাওয়ার-১-এর ক্ষেত্রে ব্যতিক্রমী এই অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রূপালী ব্যাংক কেবল শতভাগ নগদ মার্জিন নিশ্চিত করেই প্রতিষ্ঠানটির আমদানি এলসি খুলতে পারবে। ফলে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকের অর্থায়ন ঝুঁকি তুলনামূলকভাবে সীমিত থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.