দিনব্যাপী সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী সফরে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি সফরস্থলগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সফরের শুরুতে সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে গিয়ে সরকারি উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এ সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করবেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি জানিয়েছেন, সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে কিশোরগঞ্জের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, তারেক রহমান ১৯৯৮ সালে প্রথম কিশোরগঞ্জ সফর করেন। সে সময় ভৈরব ও কুলিয়ারচরে কয়েকটি পথসভা ও জনসভায় অংশ নেন। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে চলতি বছরের ২২ জানুয়ারি ভৈরবে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.