বিমানবন্দরে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি সন্দেহভাজন গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় পরিস্থিতি বুঝতে পেরে চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম; যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা। গাড়িটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণসহ অন্যান্য পণ্য ও সামগ্রীর ইনভেন্ট্রি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.