আদালত থেকে পালাল হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে এক আসামি পালিয়ে গেছেন। তিনি হত্যা মামলার আসামি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর এজলাস থেকে পালিয়ে যান কাউসার মিয়া।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন বলেন, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পরা অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।

আদালতে কর্মরত এক কর্মচারী গণমাধ্যমকে বলেন, আজ রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলায় একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে আনা হয়। শুনানির সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয় তাকে। তবে এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে আসামিকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান তিনি।

নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখানে দক্ষিণ পাড়া এলাকায় বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের কিশোরী আলোকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার পরে আজকের পালিয়ে যাওয়া কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.