৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড’ পেল এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) কর্তৃক আয়োজিত ‘৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বেস্ট পারফরম্যান্স অন রিস্ক ম্যানেজমেন্ট’, ‘বেস্ট ব্যাংক ইন এমএসএমই অ্যাকসেলারেশন’ এবং ‘বেস্ট পারফরম্যান্স অন অ্যাসেট কোয়ালিটি’—এই তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করেছে।

শনিবার (৮ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৬ জুলাই ২০২৬ ভারতের নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ইন্ডাসইন্ড ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের (এসবিআই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসু এবং প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) ইন্ডিয়ার অ্যাডভাইজরি প্র্যাকটিসে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খাতে ইন্টেলিজেন্ট বিজনেস ট্রান্সফরমেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজিত সিংয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ শেষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আবারও প্রমাণ করে যে, এনসিসি ব্যাংক ব্যাংকিং খাতে উৎকর্ষ অর্জনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এটা শুধু একটি পুরস্কার নয়; এটি আমাদের করপোরেট সুশাসন, পেশাদারিত্ব এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনাই টেকসই প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহক আস্থার মূলভিত্তি। এই অর্জন আমাদেরকে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের আর্থিক খাতের সার্বিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, এই পুরস্কার এশিয়ার উদীয়মান ব্যাংকগুলোর মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদের গুণগত মান, এমএসএমই উন্নয়ন এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমে সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.