জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ আট জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তদন্ত সংস্থা কর্তৃক এই প্রতিবেদন দাখিলের তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ড. জাফর ইকবাল, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ। যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। বর্তমানে তা পর্যালোচনা চলছে। এরপর ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.