ডেমোক্র্যাটদের বিজয়ের পরদিনই পতনে মার্কিন পুঁজিবাজার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরদিনই দেশটির পুঁজিবাজারে দরপতন হয়েছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার বিক্রির চাপে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধান তিনটি সূচকই নিম্নমুখী হয়েছে। এদিন প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।

একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৪৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ হারিয়েছে।

বুধবার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক উত্থান হয়েছিল। কিন্তু সেই উত্থানের পরদিনই বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি শুরু করেন। এতে টানা দ্বিতীয় দিনের মতো চাপে পড়ে এআই, চিপ নির্মাতা ও ডেটা সেন্টার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার।

বাজারে দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে এআই অবকাঠামো নির্মাণে নতুন নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কাকে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে তাদের গভর্নর প্রার্থীদের জয় এ উদ্বেগ বাড়িয়েছে।

বিনিয়োগকারীদের আশঙ্কা, ডেমোক্র্যাটদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির ফলে এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণের ওপর আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে। এতে এ খাতের বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার চিপ নির্মাতা ব্রডকম ও এনভিডিয়ার শেয়ারদর প্রায় ৫ শতাংশ করে কমেছে। সফটওয়্যার কোম্পানি ওরাকলের শেয়ারও প্রায় ৫ শতাংশ হারিয়েছে। ইলন মাস্কের টেসলার শেয়ার কমেছে ৯ শতাংশ এবং স্পেসএক্সের ৭ শতাংশ।

চিপ নির্মাতা কোয়ালকমের আয় বাজারের প্রত্যাশা ছাড়িয়ে গেলেও ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস প্রত্যাশার চেয়ে দুর্বল হওয়ায় কোম্পানিটির শেয়ারদর ৯ শতাংশ কমেছে।

এ ছাড়া ক্লাউড কম্পিউটিং অবকাঠামো খাতের কোম্পানি কোরউইভের শেয়ার ৯ শতাংশ, নেবিয়াসের ১৩ শতাংশ এবং আইরেনের ১১ শতাংশ কমেছে।

তবে এআইনির্ভর বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি অ্যাপলভিনের শেয়ারদর বেড়েছে ৩২ শতাংশ। প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক ফলাফল এবং ইতিবাচক ভবিষ্যৎ আয়ের পূর্বাভাসের কারণে কোম্পানিটির শেয়ারে এই উত্থান দেখা যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বুধবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। ওই দিন ডাও জোন্স সূচক ১ হাজার ৫০০ পয়েন্টের বেশি বেড়ে যায়, যা ২০২৫ সালের এপ্রিলের পর সূচকটির সেরা এক দিনের উত্থান। একই দিন এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিট সূচকও ১ শতাংশের বেশি বেড়েছিল।

তবে নির্বাচনের ফলাফল এবং এর সম্ভাব্য নীতিগত প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের নতুন করে হিসাব-নিকাশের কারণে বৃহস্পতিবার বাজারে বিপরীত চিত্র দেখা যায়।

ট্যান্ডেম ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরসের পোর্টফোলিও ম্যানেজার জর্ডান ওয়াটসন মনে করেন, বাজারের বড় উত্থান এবং এআই খাত থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার প্রবণতা সাময়িক হতে পারে। তার মতে, নির্বাচনের ফলাফল ও সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে বিনিয়োগকারীরা পর্যালোচনা চালিয়ে যাওয়ায় বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.