৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

আগামী দুই দিনে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের উজান এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সময়ে ধরলা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে, যার প্রভাবে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও ক্রমাগত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এ সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী তিন দিনে তা বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানিও দ্রুত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোনার কিছু স্থানে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি ভুগাই ও কংস নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ পার্শ্ববর্তী ভারতের উজান এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.