সমঝোতার শর্তে ইরানে বড় হামলা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, দ্রুত একটি কার্যকর ও স্থায়ী সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তেই এ সিদ্ধান্ত বহাল থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল। তবে শেষ মুহূর্তে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য সমঝোতা চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণ ও অবাধ রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির স্থায়ী সমাধান নিশ্চিত করা।

তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের ভবিষ্যৎ বিবেচনায় হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্রুত কোনো চুক্তি না হলে পরিস্থিতি আবারও পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্ভাব্য এই সমঝোতার প্রতি ইসরায়েলেরও পূর্ণ সমর্থন রয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছিল। হামলার জবাবে ইরান ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন আশঙ্কা থেকেই এই প্রস্তুতি নেওয়া হয়।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অতিরিক্ত ১০টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েনের পরিকল্পনা করেছিল। এগুলো সেখানে আগে থেকেই অবস্থানরত ৩০টির বেশি মার্কিন রিফুয়েলিং বিমানের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.