জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।
শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘সম্প্রীতির জুলাই গণ–অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবারও একটি ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন–পীড়নের পুরোনো কৌশল আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা।
সরকার এসব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান দলটির আহ্বায়ক। একই সঙ্গে জুলাই গণ–অভ্যুত্থানকে সফল করতে এবং দেশের বর্তমান সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
জুলাই গণ–অভ্যুত্থানের শুরু থেকেই আন্দোলনের অসাম্প্রদায়িক চরিত্র ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই এ আন্দোলন সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়, বরং দল-মতনির্বিশেষে সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
বর্তমানে সংখ্যালঘুদের ওপর যেসব নির্যাতন ও সহিংসতার অভিযোগ উঠছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করারও আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
‘জুলাইয়ের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি’
যে চেতনা নিয়ে জুলাই গণ–অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে আলোচনা সভায় মন্তব্য করেন সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও।
টমাস রোজারিও বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বিএনপি বললেও বিষয়টি নিয়ে তাঁর কিছুটা সন্দেহ রয়েছে। তিনি সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এটি দেশের ১৭ কোটি মানুষের প্রত্যাশা।
ঐতিহাসিকভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বৌদ্ধধর্মাবলম্বীদের সমান অংশগ্রহণ রয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের। তিনি বলেন, চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানেও বৌদ্ধধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল।
তবে ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, যে চেতনা নিয়ে জুলাই গণ–অভ্যুত্থান হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। বরং দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মাবলম্বী ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটছে। কিন্তু এসব বিষয় গণমাধ্যমে তেমন গুরুত্ব পাচ্ছে না।
আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে।
চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন, ‘বিভিন্ন পক্ষ এখনো জুলাইকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীদের যাঁরা জুলাইয়ে প্রাণ দিয়েছেন, তাঁরাই প্রমাণ যে জুলাই ছিল একটি অসাম্প্রদায়িক আন্দোলন। তাই বিষয়টি সঠিকভাবে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটার ওপর সবচেয়ে বেশি হামলা ও দখলের ঘটনা ঘটেছে বিগত আওয়ামী লীগের আমলে। কিন্তু এসব ঘটনার বিচার হয়নি। তিনি বলেন, ‘নতুন যে বাংলাদেশের কথা আমরা বলছি, সেটি এখনো পুরোপুরি অর্জিত হয়নি।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল এবং জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.