যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক অদিতি নিহত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে নতুন কর্মজীবন শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই তার এই অকাল মৃত্যু পরিবার, সহপাঠী ও দেশের চিকিৎসক সমাজে শোকের ছায়া ফেলেছে।

ডা. অদিতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা পেশায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন তিনি।

পারিবারিক ও সহপাঠী সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যান।

যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি সফলভাবে ইউএসএমএলই (USMLE) পরীক্ষা সম্পন্ন করেন এবং একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং কেম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন।

চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করেছিলেন ডা. অদিতি। বহুদিনের স্বপ্ন পূরণের পর চিকিৎসক হিসেবে নতুন পথচলা শুরু করলেও শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

ডা. অদিতির মৃত্যুর খবর দেশে ও প্রবাসে ছড়িয়ে পড়ার পর সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.