মধ্যপ্রাচ্যে সাময়িক উত্তেজনা কমার পর আবারও মুখোমুখি অবস্থানে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের দাবি, গভীর রাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরান থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আকস্মিক হামলার উদ্দেশ্যে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করেছে।
সেন্টকম আরও দাবি করেছে, চারটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে এবং তেহরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে ট্রাম্পের এ বক্তব্য নাকচ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.