ভিআইপিবি’র দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ২টি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড দুটি হচ্ছে-ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড ও ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড। সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এক ট্রাস্টি সভায় নিরীক্ষিত খসড়া আর্থিক বিবরণী পর্যালোচনা করে ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে,  ‘ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড’-এর জন্য ৫% নগদ লভ্যাংশ এবং ‘ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড’-এর জন্য ৪% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ট্রাস্টি। আলোচিত অর্থবছর শেষে ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড মোট ১৯.৩% রিটার্ন অর্জন করেছে, যার মধ্যে ১৪.৩% এসেছে এনএভি (NAV) বৃদ্ধি থেকে এবং অবশিষ্ট ৫.০% এসেছে লভ্যাংশ থেকে। অন্যদিকে, একই সময়ে ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড মোট ১৯.৮% রিটার্ন অর্জন করেছে, যার মধ্যে ১৫.৮% এসেছে এনএভি বৃদ্ধি থেকে এবং ৪.০% এসেছে লভ্যাংশ থেকে। ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড এবং ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড—উভয় ফান্ডই ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) উভয় ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে, আর সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি যথাক্রমে ফান্ড দুটির স্পন্সর।

ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড ২০১১ সালে “সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড” নামে একটি মেয়াদি (closed-ended) ফান্ড হিসেবে যাত্রা শুরু করে এবং মেয়াদ শেষে ২০২১ সালে ৯৯.২৩% ইউনিটহোল্ডারের সম্মতিক্রমে একটি বেমেয়াদি (open-ended) ফান্ডে রূপান্তরিত হয়। একইভাবে, ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড ২০১২ সালে “এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড” নামে মেয়াদি ফান্ড হিসেবে চালু হয় এবং মেয়াদ শেষে ২০২২ সালে ৯৯.৯৩% ইউনিটহোল্ডারের ভোটে বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত হয়।

সময়মতো বেমেয়াদি ফান্ডে রূপান্তর, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে সরকারি সিকিউরিটিজ অন্তর্ভুক্তি এবং ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ রিটার্ন সর্বোচ্চ করার লক্ষ্যে কেন্দ্রীভূত পোর্টফোলিও মডেল গ্রহণের মাধ্যমে এই দুটি ফান্ড বাংলাদেশের মিউচুয়াল ফান্ড খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ফান্ড দুটি সুশৃঙ্খল সম্পদ বণ্টন (asset allocation) কৌশল বজায় রেখে চলে, যার মাধ্যমে প্রধানত অবমূল্যায়িত ভালো মূলধনী শেয়ার, ট্রেজারি বন্ড এবং শীর্ষ সারির কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হয়।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ভ্যালু ইনভেস্টিং, কঠোর ঝুঁকি ব্যবস্থাপনা এবং শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্সের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এবং প্রাতিষ্ঠানিক পোর্টফোলিও পরিচালনার মাধ্যমে ভিআইপিবি এএমসি দীর্ঘমেয়াদী ভ্যালু সৃষ্টির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। প্রতিষ্ঠানটি তার বিনিয়োগকারীদের প্রতি সর্বোচ্চ আমানতদারিতার দায়িত্ব (fiduciary responsibility) পালনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.