রাজধানীতে ময়লা ভ্যানে নেওয়ার ফি আদায় বন্ধে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়া বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী।

এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই রিট করেন।

পরে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি। এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

এর আগে সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে আজ রিটটি দায়ের করেন বলে জানান রিট আবেদনকারী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.