বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ নতুন করে এভিয়েশন খাতে যাত্রা শুরু করেছে। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড।

শনিবার (২৫ জুলাই) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন।

দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ সেবা।

এছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করছে আকিজ এভিয়েশন।

প্রাথমিকভাবে ৩টি হেলিকপ্টার নিয়ে এ সেবা চালু করেছে আকিজ এভিয়েশন। রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের ১টি হেলিকপ্টার এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের ২টি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার কাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন এবং ব্যক্তিগত যাতায়াত সহজ করতে দেশে হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। তাই বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার জন্য সবসময় পাশে থাকবে আকিজ এভিয়েশন লিমিটেড।

হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য যোগাযোগের নম্বর: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.