নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবে: বিএসইসি চেয়ারম্যান

প্রস্তাবিত ‘বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই সুশাসনের প্রয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিআইএম অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক সিপিডি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, নতুন এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গভর্ন্যান্স পেশাজীবী ও কোম্পানি সেক্রেটারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শনিবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ঢাকার বিআইএম অডিটোরিয়ামে ‘প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ শীর্ষক একটি কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম আয়োজন করেছে। কর্পোরেট গভর্ন্যান্স ও রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ে সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনার লক্ষ্যে এ অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি, কর্পোরেট নেতৃবৃন্দ, গভর্ন্যান্স পেশাজীবী এবং কোম্পানি সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ। তিনি তার বক্তব্যে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই কর্পোরেট সুশাসনের প্রয়োগ ও চর্চা অধিকতর সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। তিনি নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গভর্ন্যান্স পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ। তিনি তার বক্তব্যে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি এবং গভর্ন্যান্স পেশাজীবীদের মধ্যে নিবিড় সমন্বয় ও অংশীজনদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। দেশের কর্পোরেট খাতকে আরও শক্তিশালী করতে এই প্রক্রিয়ার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬-এর ওপর বিস্তৃত পর্যালোচনা ও বিশ্লেষণ উপস্থাপন করেন এবং প্রস্তাবিত বিধিমালায় সংযোজিত গুরুত্বপূর্ণ পরিবর্তন, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এর বাস্তব প্রভাব, পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, স্বতন্ত্র পরিচালক এবং কোম্পানি সেক্রেটারিদের বর্ধিত দায়িত্ব ও এর পরিধি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মানদণ্ড ও রেগুলেটরি প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কর্পোরেট গভর্ন্যান্স প্রয়োগের বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা পর্বে আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এফসিএস, ব্র্যাক ব্যাংক পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান এফসিএস এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কর্পোরেট গভর্ন্যান্স অফিসার লোপা রহমান। সিপিডি প্রোগ্রামে আলোচকরা নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালার বাস্তবায়ন, প্রতিপালন-সংক্রান্ত চ্যালেঞ্জ, কর্পোরেট গভর্ন্যান্স চর্চার সর্বোত্তম অনুশীলন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন, নৈতিক চর্চা নিশ্চিতকরণ এবং টেকসই কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় কোম্পানি সেক্রেটারিদের ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

সিপিডি প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট হোসাইন সাদাত এফসিএস। সমাপনী বক্তব্যে তিনি পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে চার্টার্ড সেক্রেটারি পেশাজীবীদের কন্টিনিউয়িং এডুকেশন ও ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে আইসিএসবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, সদা-পরিবর্তনশীল রেগুলেটরি পরিবেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে গভর্ন্যান্স পেশাজীবীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সার্বিক সহায়তা প্রদান করাই সিপিডি প্রোগ্রামের মূল অভিপ্রায়।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী সদস্যরা প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ বাস্তবায়নের বিভিন্ন ব্যবহারিক বিষয় নিয়ে সম্মানিত বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে চার্টার্ড ও কোম্পানি সেক্রেটারি, পরিচালক, কর্পোরেট নির্বাহী, গভর্ন্যান্স পেশাজীবী, সিএস প্র্যাকটিশনার, পেশাজীবী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি বাংলাদেশের কর্পোরেট গভর্ন্যান্সের প্রয়োগ, চর্চা ও বিকাশে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবির ফেলো সদস্য ড. মীর শরীফুল বাশার এফসিএস।

অনুষ্ঠানের শেষে আইসিএসবির প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য ইসরাত জাহান রিমি এফসিএস প্রধান অতিথি, বিশেষ অতিথি, মূল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ, আইসিএসবির সদস্যবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.