ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে ১৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা স্থাপনের জন্য ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বাস্তবায়নাধীন ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পের আওতায় এ কাজ করা হবে। প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-১-এর আওতায় টার্নকি ভিত্তিতে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা স্থাপন করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে মোট ১৩টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে পাঁচটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচিত প্রতিষ্ঠান দুটি ভ্যাট ও করসহ মোট ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা ব্যয়ে প্রকল্পের আওতাভুক্ত কাজ বাস্তবায়ন করবে।

জানা গেছে, ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন দেয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.