রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি চাকরিজীবীদের নিরপেক্ষ থেকে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। গত ১৭ বছরে প্রশাসনের যে রাজনৈতিককরণ হয়েছে, তা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও সেবামুখী মানসিকতা নিশ্চিত করা জরুরি।
সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এসব উদ্যোগের বাস্তব সুফল যেন জনগণ পায়, তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’
তিনি আরও বলেন, সঠিক নীতিনির্ধারণের জন্য নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের তথ্যেও অসঙ্গতি তৈরি করা হয়েছিল। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেন তিনি।
দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার কথাও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নীতিনির্ধারণ সরকারের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলেও সেই নীতির আলোকে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব প্রশাসনের। কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-নীতির বাইরে কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না বলেও সতর্ক করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নই প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে বিধি-বিধান অনুসরণ করে সেই লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি ছিলেন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.