ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে ৫ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খুজেস্তানের সালান্দ এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
এদিকে অষ্টম দিনের মতো ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দ্বীপ ও অঞ্চলকে লক্ষ্য করে হামলার কারণে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের সরাসরি আক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।
তাসনিম আরও জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দ্বীপের একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.