ঢাকার ৫০ গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী

এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও কীভাবে এআই ব্যবহার করা যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.