মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরানে মার্কিন হামলা ও হরমুজে ট্যাংকারে আঘাত

টানা তৃতীয় রাতের মতো ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসময় দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একই সময়ে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি ‘রগ সুপারট্যাংকারে’ সফলভাবে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়া হয়েছে। নতুন করে এ হামলা-পাল্টা হামলায় সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিভিন্ন স্থানে নতুন করে সামরিক অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাস, কিশ, কেশম ও আবু মুসা দ্বীপ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, ইরানে ‘সীমিত’ সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, ওমানের আঞ্চলিক জলসীমায় হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে, মঙ্গলবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) বিকেল ৪টা থেকে ইরানের বন্দরগামী ও বন্দর থেকে ছেড়ে আসা জাহাজগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হবে।

নতুন এ উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়েছে। খবরে বলা হয়েছে, নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে গেছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনাও আরও ছড়িয়ে পড়ছে। সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যেও নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ফলে দুই পক্ষের মধ্যে বিদ্যমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিও কার্যত শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.