যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি। এ সফরে তেল ও গ্যাস খাতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে ইরাক সরকার।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ (INA)-এর প্রকাশিত এক বিবৃতিতে সরকারি মুখপাত্র হায়দার আল-আবৌদি জানান, প্রধানমন্ত্রী আল-জায়েদির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করবে। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন।
আবৌদি বলেন, সফরের সময় ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল ও গ্যাস খাতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তির আওতায় জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং হরমুজ প্রণালিতে সম্ভাব্য সংকটের প্রভাব মোকাবিলায় বিকল্প রপ্তানি পথ উন্নয়নে মার্কিন বিশেষায়িত কোম্পানিগুলোকে যুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ইরাকের সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হবে।
উল্লেখ্য, গত মে মাসে মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে আলী আল-জায়েদির প্রথম বিদেশ সফর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.