দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সেবার পরিধি আরও বিস্তৃত করল এনআরবি ব্যাংক পিএলসি। গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাইল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফিয়াথাই ২ হাসপাতাল কো. লি.-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
শনিবার (১১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের ফলে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা থাইল্যান্ডের ফিয়াথাই ২ ইন্টারন্যাশনাল হাসপাতালে ওষুধ ও কক্ষ ভাড়ায় বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি আন্তর্জাতিক রোগীসেবা, চিকিৎসা পরিকল্পনা, বিনামূল্যে মেডিকেল পরামর্শ, বিমানবন্দর ও হাসপাতালের মধ্যে পরিবহন সুবিধা, ব্যক্তিগত এসকর্ট এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।
একই সঙ্গে এনআরবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য আরও বেশি মূল্যছাড় ও সমন্বিত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে চিকিৎসা সমন্বয়, চিকিৎসাকালীন সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত আন্তর্জাতিক মানের সমন্বিত সেবা সহজলভ্য হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক এম. রশিদুল হুদা, কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান। ফিয়াথাই ২ হাসপাতাল কো. লি.-এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক সুওয়াদী নিমা, আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা রাভিসারা সাংসুওয়ানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আন্তর্জাতিক অংশীদারিত্বের এই নতুন সংযোজন এনআরবি ব্যাংক পিএলসি.-এর গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী, প্রিমিয়াম এবং মূল্যসংযোজনমূলক সেবা নিশ্চিত করে গ্রাহকদের জন্য আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এনআরবি ব্যাংক পিএলসি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.