পুঁজিবাজারে ত্রৈমাসিক রিপোর্টিং বাতিল হচ্ছে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের বিধান আপাততঃ বাতিল হচ্ছে না। তবে প্রতি ৩ মাস অন্তর প্রকাশিত এই প্রতিবেদন এখনকার মতো বিস্তারিত না হয়ে সংক্ষিপ্ত হতে পারে। ত্রৈমাসিকের পরিবর্তে ষান্মাসিক তথা ৬ মাস অন্তর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিস্তারিতভাবে প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।ত্রৈমাসিক প্রতিবেদন বহাল থাকা না থাকা সংক্রান্ত বিষয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রেক্ষিতে বিএসইসির সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধতন কর্মকর্তা অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল নয়, বরং সব ধরনের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান কমিশন। এটি ছাড়া বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণ প্রায় অসম্ভব।

ওই কর্মকর্তা আরও বলেন, আর্থিক প্রতিবেদন ও নীরিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, প্রতিবেদনের মান উন্নয়নের বিষয়ে বর্তমান কমিশন ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএবি) এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সঙ্গেও সমন্বয় বাড়ানো হচ্ছে।

উল্লেখ, গত ২ জুলাই ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের দেওয়া এক বক্তব্যকে ঘিরে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর উপর থেকে চাপ কমাতে বিস্তারিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে কমিশন আইএএস ৩৪ অনুসরণ করতে চায়। বিএসইসি চেয়ারম্যান ত্রৈমাসিক প্রতিবেদন বাতিলের পরিবর্তে সংক্ষিপ্ত আকারে প্রতিবেদন প্রকাশে গুরুত্ব দিলেও বেশিরভাগ গণমাধ্যমে ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল হচ্ছে মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে এর পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্ক জন্ম নেয়।

এ বিষয়ে বিএসইসির আলোচিত কর্মকর্তা অর্থসূচককে বলেন, চেয়ারম্যান মহোদয় ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল নয়, বরং আইএএস অনুযায়ী এ প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, আইএএস (ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ড) এর ৩৪ নাম্বার অনুচ্ছেদে ত্রৈমাসিক প্রতিবেদন হিসেবে সংক্ষিপ্ত আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এর প্রয়োগ নিয়ে ভিন্নতা আছে, নানা নানা বিতর্ক। আবার যুক্তরাজ্যে এই বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলেও কোম্পানিগুলো স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আপডেট রাখার সুবিধার্থে স্বেচ্ছায় ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে চলেছে।

তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন অবশ্যই স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.