বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর আর্টিকেল (১০)৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে মো. সরোয়ার হোসেনের নিয়োগ দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণ ও আর্থিক খাতের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.