বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সরাল পুলিশ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাকে আবারও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লীবিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় বেশ কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। পরে কাজে যোগ না দিয়ে সকাল পৌনে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.