বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চলমান বিশ্বকাপ ফুটবল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাবি প্রক্টর অফিস জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ উপলক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এতে বলা হয়, খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথে সাধারণ যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে- শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং বাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মতামত, পরামর্শ ও বাস্তব অবস্থার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.