বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। গত বছর কোম্পানিটি ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৩  টাকা ৭ পয়সা আয় হয়েছিল। বছরের ব্যাবধানে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ।

সর্বশেষ বছরে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ১৮ টাকা ৭৫ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১৯ টাকা ৪ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেনি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। তবে লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট ।

বি.দ্র: আজ মঙ্গলবার সকালে পাবলিশ করার জন্য গতকাল একটি নিউজ ড্রাফট করে রাখা হয়েছিল, যার শিরোনাম ছিল-কাল বেক্সিমকো ফার্মার লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা। কিন্তু টেকনিক্যাল কারণে সেটি পাবলিশ না করার সিদ্ধান্ত হলেও আজ রাতে ভুলক্রমে সেটি পাবলিশ হয়ে গিয়েছিল। এ অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.