হরমুজ প্রণালি থেকে ১৩ ভারতীয় জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজিবাহী ট্যাংকার, পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, তিনটি কন্টেইনার জাহাজ, দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার।

উপেশ কুমার শর্মা বলেন, “আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলোকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা।”

জাহাজগুলো উদ্ধারে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট অংশীজনেরা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে ‘নিসোস কেরোস’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি ত্যাগ করে ভারতের দিকে যাত্রা শুরু করেছে। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেলবাহী জাহাজটি ২৫-২৬ মে হরমুজ অঞ্চল থেকে ভারতের উদ্দেশে রওনা হয়।

উপেশ কুমার আরও জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক ও ক্রু রয়েছেন। তাদের সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক ও ক্রুদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাও জরুরি।”

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এ অঞ্চলে সংঘাতের কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.