চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্সের কারণে ডলারের সরবরাহ বাড়ছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে ধারাবাহিকভাবে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে আজ আরও ৭ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২০ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে। নিলামে নির্ধারিত কাট-অফ রেট ছিল একই।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসেই মোট ৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন দফায় নিলামের মাধ্যমে কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চেও রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.