শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডট কম-এর আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো “কারিগরি চাকরি মেলা”। আজ মঙ্গলবার সকাল ৯ টায় শুরু হয়ে এ মেলা চলে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত। ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর, টেকনিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, ডিজাইনার, ক্লিনার, বিউটিশিয়ানসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
১০০টি শীর্ষস্থানীয় দেশি-বিদেশি কোম্পানি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ৩ হাজার দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে এই মেলায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী বিভিন্ন কোম্পানির স্টলে ভিড় করতে থাকে। বিশেষ করে ওয়ালটন, স্কয়ার, আকিজ, প্রাণ, এপেক্স, একমি, ইফাদ গ্রুপের স্টলে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। উল্লেখ্য, এই মেলায় অংশগ্রহণ করার জন্য ২৫ হাজার চাকরিপ্রার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল। মেলায় চাকরিতে আবেদনের সমগ্র প্রক্রিয়াই ছিল ডিজিটাল। কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে আবেদন করতে হয়েছে। কোনো প্রিন্টেড সিভি জমা দেওয়ার সুযোগ ছিল না।
মেলায় চাকরিতে আবেদনের পাশাপাশি ‘সিভি রাইটিং ও ইন্টারভিউ টেকনিক’ এবং ‘জাপানে কর্মসংস্থান’ শীর্ষক দুটি সেমিনারও অনুষ্ঠিত হয়। এই খাতের বিশেষজ্ঞরা সেমিনার দুটি পরিচালনা করেন। সেমিনার দুটিতে ছিল চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড়। ইউনিসেফ ও বিডিজবসের যৌথ উদ্যোগে অনলাইনে ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ওপরও চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়।
শীর্ষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. আব্দুল করিম মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. করিম বলেন, আমাদের দেশে ৮০ শতাংশ শিক্ষার্থী নন-টেকনিক্যাল এবং ২০ শতাংশ শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করেন। দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এ অবস্থার পরিবর্তন দরকার।
বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফাহিম মাশরুর বলেন, শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হলে দেশে তো বটেই দেশের বাইরেও অনেক ভালো কাজ করতে পারবে এবং অনেক বেশি রোজগার করতে পারবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.