বহুমুখী খাতে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ-চায়না বিজনেস সামিট ২০২৬’। সামিটে দুই দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ, ব্যাংকসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা মত বিনিময় করেন এবং দীর্ঘমেয়াদী অংশীদারত্ব ও এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
শনিবার (১৬ মে) আয়োজনের টাইটেল স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এ সামিটটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওই সামিটের আয়োজন করে বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড (বিসিসিএল)। আয়োজনে বিসিসিএলকে সহযোগিতা করে গ্লোবাল চায়নিজ জেনারেল চেম্বার অব কমার্স এবং ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্রাটেজি কমিটি অব গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া বিজনেস ফেডারেশন।
সামিটে চীনের বিনিয়োগ, স্বাস্থ্য, ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য, শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মোজাফফর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-এর প্রধান নির্বাহী ড. সাইফ উদ্দিন আহম্মদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আদনান মাসুদ।
এ সামিটের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, অংশীদারত্ব ও দীর্ঘমেয়াদি আর্থিক সহযোগিতার সম্পর্ক দৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সামিটের বিভিন্ন সেশনে আন্তর্জাতিক বাণিজ্যে নেটওয়ার্কিং, বিটুবি বিজনেসের সুযোগ, বিনিয়োগ, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.